সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক কসাইয়ের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন একটি মাংসের দোকানে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। এ সময় সংশ্লিষ্ট কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। একই সঙ্গে একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানের সময় দোকানের ফ্রিজ তল্লাশি করে ছোট ছোট গরুর বাছুরের মাংসও পাওয়া যায় বলে জানায় প্রশাসন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযানের সময় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বিক্রি করা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন