মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নিজ বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান মোল্লা (৩০) উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি গ্রামের খোকন মোল্লার ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও পারিপার্শ্বিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোল্লা পেশায় একজন বাসচালক ছিলেন। কয়েক বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়লে কাজে অনিয়মিত হয়ে যান। এ নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়। শেষ পর্যন্ত কলহ নিরসন না হলে দুই সন্তানকে রেখে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ইমরান মোল্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন