আড়াই শ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সরকারি এই হাসপাতালের চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই সরে পড়ে। এ ছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এদিকে ১ এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। তার এই নির্দেশনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই ডিবি পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন