জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।
সোমবার (৪ মে) বিকেলে সরিষাবাড়ী জগনাথগঞ্জ বাজার স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি আটকে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ–ঢাকা রুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস—এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে তারাকান্দি পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং ঢাকায় ফিরতে গভীর রাত হয়। ফলে যাত্রীরা নামার পর ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন।
তাদের দাবি, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের মধ্যে যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে ঢাকা থেকে রাতের দিকে এবং জামালপুর থেকে ভোরে যাত্রা শুরু করা যায়। এ ছাড়া জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করারও দাবি জানান তারা।
এ ছাড়াও বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত সম্প্রসারণের দাবি তোলেন স্থানীয়রা। এতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে তারা মনে করেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে দুটি ট্রেন চলাচল করায় যাত্রীসংখ্যাও কমে যাচ্ছে, ফলে রেল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য দেন আয়োজক এ কে এম ফজলুল হক, শাহিনুর রহমান, আব্দুল করিমসহ স্থানীয় আরও অনেকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন