মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৯ মে) সকালে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের খুনেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘নদীভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, আমরা সেটি বুঝতে পেরেছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি এবং আমার সরকার আছে এবং থাকব, ইনশাআল্লাহ।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন