বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১০ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বর গ্রামের মাহফুজের ছেলে রোমান বাবু (২০) এবং এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের জয়েন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকায় দুই ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এ সময় তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন