ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে গরুর সংঘর্ষে সঞ্চিতা রানী দাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুসুল্লী ইউনিয়নের তারাঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্চিতা রানী দাস সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গাছতলা পাইকুড়াটি গ্রামের দীপক চন্দ্র দাসের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন নেত্রকোণা সদরের গাবড়াগাতী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ছন্দু মিয়া (৪৩) এবং দুর্গাপুর থানার দাখিনাইল গ্রামের মৃত করম আলীর ছেলে মোজ্জাম্মেল হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত ও বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর থাকা একটি গরুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সঞ্চিতা রানী দাসকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, অন্য দুই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি বর্তমানে নান্দাইল হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন