নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চলন্ত পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. কাউসার (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্ঘাপুর এলাকার বাসিন্দা মোঃ কাউসার দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মালিবাগ তবলপাড়া এলাকায় অবস্থিত ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডে চাকরি করে আসছেন।
বুধবার (২০ মে) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে কোম্পানির পিকআপ ভ্যানযোগে মালামাল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকার নবাবপুরে যাওয়ার পথে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকার কিউট ফ্যাক্টরির সামনে পৌঁছালে যানজটের কারণে গাড়িটি থামে।
এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিকআপে উঠে পড়ে। তাদের হাতে রামদা, চাইনিজ ছুরি ও লোহার পাইপ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা পিকআপে থাকা কাউসার, সেলসম্যান মহারাজ (৩৫) ও হেলপার ইসরাফিলের (২২) গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
শুধু তাই নয়, পিকআপের পেছনে থাকা কোম্পানির ৩ বস্তা তামার মধ্যে ২ বস্তা তামাও নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেওয়া তামার ওজন প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, তারা ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কাউসার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন