× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৯ পিএম

‘আধুনিক ও কর্মমুখী কারিকুলামের মাধ্যমে দক্ষ কৃষি মানবসম্পদ গড়ে তুলতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আধুনিক ও কর্মমুখী কারিকুলামের মাধ্যমে দক্ষ কৃষি মানবসম্পদ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল (সার্ড) পরিচালিত যুগোপযোগী একাডেমিক প্রোগ্রাম ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশনের (বিএজিএড) কারিকুলাম কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের শিক্ষক সেমিনার কক্ষে অনুষ্ঠিত বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

উপাচার্য বলেন, বাংলাদেশের কৃষি খাত আজ প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষিশিক্ষাকেও আধুনিক, গবেষণাভিত্তিক এবং বাস্তবমুখী করতে হবে। শিক্ষার্থীদের কেবল সনদধারী নয় বরং দক্ষ, উদ্ভাবনী ও মানবিক মূল্যবোধসম্পন্ন পেশাজীবী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বাউবির শিক্ষার্থীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন, সময়োপযোগী ও কর্মমুখী কারিকুলাম প্রণয়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি শিক্ষার সমন্বয়ে এমন একটি আধুনিক সিলেবাস প্রণয়ন করতে হবে, যা চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি উন্নয়নের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কৃষিশিক্ষার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই সংশ্লিষ্ট শিক্ষক, বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বিত উদ্যোগে স্বল্পতম সময়ের মধ্যে একটি মানসম্মত, যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক কারিকুলাম প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নিয়োগ প্রাপ্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও  সার্ডের সাবেক ডিন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

সভায় বিএজিএড প্রোগ্রামের কৃষি, মৎস্য, পশুপালন এবং ভাষা শিক্ষা ও অন্যান্য বিষয় সম্পর্কিত চারটি সমন্বিত কারিকুলাম কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বহিঃসদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. এএসএম গোলাম হাফিজ কেনেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন্নাহার মনিরা।

এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিমসহ বিভিন্ন কারিকুলাম কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বিএজিএড প্রোগ্রামের মানোন্নয়ন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর কৃষিশিক্ষার সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশ উপস্থাপন করেন। তারা ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা, উদ্ভাবনী কৃষি প্রযুক্তি এবং গবেষণাভিত্তিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রোগ্রামটিকে আরও কার্যকর, যুগোপযোগী ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, প্রস্তাবিত কারিকুলাম দেশের কৃষিশিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Link copied!