চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নূরউল্লাহ (৬৫) নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ছিন্নমূল ৫ নম্বর সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূরউল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবারসহ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বেবি আপার গলির একটি বাসায় পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছেলে আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান নূরউল্লাহ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন