ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট ও বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী প্রার্থীরা এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে জামায়াত প্রার্থীদের বিজয়ে নীলফামারীর জেলা ও উপজেলাগুলোতে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা দফায় দফায় আনন্দ মিছিল করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন