নীলফামারীতে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সব ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট বিকেল ৩টা থেকে তেলের মজুত শেষ না হওয়া পর্যন্ত পেট্রোল ও অকটেন সরবরাহ করবে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া প্রতিটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে পেট্রোল ও অকটেন ক্রেতাদের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর ও মাইলেজ (রিডিং) একটি রেজিস্টারে বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করতে হবে।
হেলমেট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল বা যানবাহনে জ্বালানি সরবরাহ করা যাবে না। এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত ব্যানার সব ফিলিং স্টেশনে প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের ড্রাম, জারক্যান, বোতল বা অন্য পাত্রে পেট্রোল ও অকটেন সরবরাহ করা যাবে না। জ্বালানি তেল মজুত বা খোলা বাজারে বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সব ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারদের মজুত না করে নিয়ম অনুযায়ী জ্বালানি সরবরাহ এবং এ সংক্রান্ত তথ্য প্রদান করতে বলা হয়েছে।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন