ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁর জায়গায় ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, এডভোকেট আব্দুর রহীম চুন্নুর দায়ের করা অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে। এরপর স্থানীয় সরকারের বিধান অনুযায়ী জনস্বার্থে মোহাম্মদ সাহাদাত হোসেনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউপি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এডভোকেট আব্দুর রহীম চুন্নু বলেন, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনকালে প্যানেল চেয়ারম্যান বাহার বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তিনি কিছু প্রকল্পের কার্যক্রম না করে টাকা উত্তোলন করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম ব্যবহার করে ১০টি প্রকল্প পাস করার চেষ্টা করেছিলেন।

এছাড়া ২৮ লক্ষ টাকার ১ শতাংশ বরাদ্দের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে লিখিত অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে অপসারণ করা হয়।

অপসারিত চেয়ারম্যান মো. আবু বাহার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম থেকেই আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারা বলেছে, পদত্যাগ করুন, না হলে ৩০টি অভিযোগ দেওয়া হবে। আপনি কতগুলো মোকাবেলা করতে পারবেন

বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, “চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে অপসারণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচল রাখা ও জনসেবা নিশ্চিত করতেই আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”