নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি সাধারণ ভোটারদের আস্থা ও ভালোবাসার এক ব্যতিক্রমী চিত্র উঠে এসেছে নির্বাচনি প্রচারণায়। স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে এক ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেয়েছেন তার সহধর্মিণী শ্যামলী সুলতানা জেদনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় এক প্রবাসীর বৃদ্ধ মা ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে শ্যামলী সুলতানা জেদনীর হাতে স্বর্ণের আংটিটি পরিয়ে দেন।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন আমির ডুবাইর বাড়িতে আবদুল হান্নান মাসউদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পূর্বনির্ধারিত একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রার্থীর স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।
উঠান বৈঠক শুরুর আগে নির্ধারিত স্থানে বসার সময় হঠাৎ ওই বৃদ্ধ নারী এগিয়ে এসে তার হাতে স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং এটি গ্রহণ করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে ঘটনাটিকে স্বাগত জানান। মুহূর্তেই বৈঠকস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনাটি নিয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, এটি আবদুল হান্নান মাসউদের প্রতি সাধারণ মানুষের নিখাদ ভালোবাসার প্রকাশ। গত দেড় বছরে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে যে কাজগুলো করেছেন, এই ভালোবাসা তারই প্রতিফলন। একজন স্ত্রী হিসেবে আমি গর্বিত।
উঠান বৈঠকে জাতীয় ছাত্র শক্তি হাতিয়া উপজেলা শাখার সদস্য সচিব আশিক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আশপাশের গ্রামের শতাধিক নারী ভোটার বৈঠকে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন