ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজয় দিবসের অনুষ্ঠানে মৃত্যু, প্রবাসে ফেরা হলো না বিএনপি নেতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:২৭ এএম
মোরশেদ আলম শিব্বির। ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

নিহত মোরশেদ আলম শিব্বির উপজেলার বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রবাসী বিএনপি নেতা। তিনি সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন।

ছুটি শেষে তাঁর আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। মোরশেদ বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান।

বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোরশেদ আলম শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালীর জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শিব্বিরের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হাসান বলেন, মোরশেদ আলম পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এলাকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর আকস্মিক মৃত্যু আমাদের মাঝে গভীর শূন্যতা সৃষ্টি করেছে।

মোরশেদ আলম শিব্বিরের মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শোক প্রকাশ করে বলেন, বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।