ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনা শহরে বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলিসহ চার জনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন: পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), একই এলাকার মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫) শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (৩৫)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেত্বত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালায়। 

এই বিশেষ অভিযানে একটি বিদেমি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই জনকে আটক করা হয়। একই সময় ডিবি পুলিশের অপর দুইটি দল শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় হাদীউলের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। 

এ ছাড়াও ডিবি পুলিশের অপর দলটি শহরের পূর্ব শালগাড়িয়া এলাকর আওয়ালের বাসায় অভিযান চালিয়ে তিন রাউন্ড তাজা গুলিসহ দুই জনকে আটক করে। এই আলাদা অভিযানে জব্দ করা হয় একটি মোটরসাইকেল।