ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক কারখানায় এই ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকেরা জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন ইফতারের খাবার সরবরাহ করা হয়। সোমবারও তাদের ইফতারের জন্য খাবার দেওয়া হয়।

ইফতার করার কিছুক্ষণ পর থেকেই কারো কারো বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তাসনিম তামান্না স্বর্ণা বলেন, বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা-বুক জ্বালা- পোড়া সহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা হাসপাতালে এসেছেন।

জানা গেছে, তারা ইফতারের সময় ভাজা, পোড়া ও তৈলাক্ত খাবার খেয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়েছেন। তেলজাতীয় খাবারের কারণে অ্যাসিডিটি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ওসি মমিনুজ্জামান বলেন, শ্রমিকদের কারখানা থেকে ইফতারের খাবার সরবরাহ করা হয়। সোমবারও তারা কারখানায় ইফতার করেছেন। পরে গলা-বুক জ্বালা, বমি বমি ভাবসহ নানা শারীরিক সমস্যা দেখা দিলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছে এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, ২৫ থেকে ২৬ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ইফতারের খাবারটি কোথা থেকে এসেছে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।