রূপপুরের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখন জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে। আগামী ৭ এপ্রিল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হবে।
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৭টি অগ্রাধিকার খাত নির্ধারণ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) স্বাক্ষর করেছে।
গত ১৮ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ-এর সঙ্গে বাংলাদেশের এ চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (২১ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এবং আইএইএ-এর পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও কারিগরি সহযোগিতা বিভাগের প্রধান হুয়া লিউ চুক্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কাঠামো, যার মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র এবং আইএইএ-এর মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতার পরিকল্পনা নির্ধারণ করা হয়। এই কাঠামোর আওতায় অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাত চিহ্নিত করা হয়, যেখানে পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ ১৯৭২ সাল থেকে আইএইএ-এর সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করছে। নবস্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের সিপিএফ-এ সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা এবং পারমাণবিক সুরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি, মানব স্বাস্থ্য, পানি ও পরিবেশ, পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগ।
এই সিপিএফ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন উন্নয়ন খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।
জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া জানান, স্বাক্ষরিত সিপিএফ চুক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি লোডিংয়ের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সিপিএফ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে রূপপুরে পারমাণবিক প্রকল্প ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দিকে অগ্রসর হওয়া যাবে বলে তিনি জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জ্বালানি লোডিংয়ের শুভ উদ্বোধন করবেন।


