পাবনার সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
প্রলয় চাকীর ছেলে সানী চাকী জানান, সকাল প্রায় আটটার দিকে ডিবি পুলিশের একটি দল তাদের বাসায় এসে তার বাবার খোঁজ করে। পরে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটকের কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা সুনির্দিষ্ট কোনো তথ্য না জানিয়ে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে নেওয়া হচ্ছে বলে জানান।
সানী চাকী আরও বলেন, তার বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। সরকার পতনের পরও তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।
বর্তমানে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্নিয়ার রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এমন অবস্থায় তাকে আটক করাকে অযথা হয়রানি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রলয় চাকী নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। তিনি ও তার ভাই মলয় চাকী বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিসহ বিভিন্ন সংগীতানুষ্ঠানে গান গেয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন