পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরেই হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
স্থানীয়দের মতে, তেঁতুলিয়ার শীত শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যায়ও প্রভাব ফেলছে। সূর্য উঠলেও ঠান্ডা বাতাস বইতে থাকায় অনেকেই সকালে আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দুপুরের সময় স্বাভাবিক তাপমাত্রা মানুষকে কিছুটা স্বস্তি দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে তেঁতুলিয়ায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়ার এই পরিস্থিতি আপাতত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


