পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ক্রমে বাড়ছে। কয়েক দিন ধরেই হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
স্থানীয়দের মতে, তেঁতুলিয়ার শীত শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যায়ও প্রভাব ফেলছে। সূর্য উঠলেও ঠান্ডা বাতাস বইতে থাকায় অনেকে সকালে আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দুপুরের সময় স্বাভাবিক তাপমাত্রা মানুষকে কিছুটা স্বস্তি দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও রোববার ফের কমেছে। আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন