ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড় সীমান্তে আটক ২ কিশোরকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি : সংগৃহীত

ঘুরতে ঘুরতে পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ইন্দ্র (১৪) ও উদয় (১৪) নামে দুই বাংলাদেশি কিশোরকে ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরগড় সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করে ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর।

পরে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে গেলে বিএসএফের সদস্যরা তাদের আটক করে মরিচা ক্যাম্পে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বিজিবি স্থানীয়ভাবে যোগাযোগ শুরু করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে যাচাই-বাছাই শেষে আটক দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে স্থানীয়দের অভিযোগ ওই দুই কিশোরকে আটকের সঙ্গে সঙ্গে মারধর করা হয়েছে।

বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বর্তমানে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।