ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বোদায় ৫ হাজার ৮৯০ কৃষকের কৃষিঋণ মওকুফ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:০২ পিএম
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফ করেছে সরকার। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সুবিধাভোগী কৃষকদের মধ্যে ২৯ হাজার ৪৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ কৃষকদের হাতে ঋণমুক্তির সনদপত্র ও গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের উন্নয়নের বিকল্প নেই। নির্বাচনের আগে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সারাদেশের ১৩ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে বোদার প্রায় ছয় হাজার কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ঋণের বোঝা যেন কোনো কৃষককে উৎপাদন কার্যক্রম থেকে পিছিয়ে না দেয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কৃষকেরা নির্বিঘ্নে উৎপাদন চালিয়ে যেতে পারেন।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী প্রত্যেক কৃষককে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। তিনি বলেন, সেচব্যবস্থা উন্নয়ন, পানি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে তিনি জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি সহযোগিতায় আধুনিক প্রযুক্তিনির্ভর হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সাঈম। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ কয়েক হাজার কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বোদা উপজেলার কৃষকেরা নতুন উদ্যমে কৃষিকাজে অংশ নেবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানের শেষে সুবিধাভোগী কৃষকদের হাতে কৃষিঋণ মওকুফের সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।