পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ক্রমে বাড়ছে। কয়েক দিন ধরেই হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার।
স্থানীয়দের মতে, তেঁতুলিয়ার শীত শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যায়ও প্রভাব ফেলছে। সূর্য উঠলেও ঠান্ডা বাতাস বইতে থাকায় অনেকে সকালে আগুন জ্বালিয়ে হাত-পা গরম করছেন। তবে দুপুরের সময় স্বাভাবিক তাপমাত্রা মানুষকে কিছুটা স্বস্তি দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে।
তিনি বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর); সেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রোববার (১৪ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


