ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 ট্রাক মার্কা নৌকা-ধানের শীষের সমতুল্য প্রতীক : নুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:২৬ পিএম
নির্বাচনি জনসভায় নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেহেতু পটুয়াখালী-৩ আসনে নৌকা ও ধানের শীষ নেই, তাই ট্রাক মার্কাই এখন নৌকা ও ধানের শীষের সমতুল্য প্রতীক।

তিনি এলাকার জনগণের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এ এলাকার সন্তান হিসেবে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় নুর এসব কথা বলেন।

নুর বলেন, অফিসিয়ালি আমাদের প্রতি এই আসনে সমর্থন ঘোষণা করা হয়েছে। অতীতে এখানে নৌকা ও ধানের শীষের মধ্যে নির্বাচন হতো। এবার যেহেতু দুটি প্রতীক নেই, তাই ট্রাকই এখন নৌকা-ধানের শীষ।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি দেশে যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারতাম। কিন্তু আমি এই জনপদের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে নিজের জন্মভূমিতে এসেছি। আল্লাহ আমাদের কোনো কাজে নাখোশ হননি, এই বিশ্বাস রাখি।

নুর স্মরণ করিয়ে দেন, ২৮ বছর পর ১১ হাজারের বেশি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ডাকসুর মতোই গলাচিপা-দশমিনায় ট্রাক মার্কার বিজয় হবে এবং নতুন ইতিহাস গড়ে উঠবে, ইনশাআল্লাহ।’

তিনি আশা প্রকাশ করেন, একজন তরুণ রাজনীতিবিদ ও গলাচিপা-দশমিনার সন্তান হিসেবে সকলের সহযোগিতা ও সমর্থন পাবেন।