ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউফলে ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১৫ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাউফলের ১১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সকল সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৩০টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৬ জন করে এবং ঝুঁকিপূর্ণ নয় এমন প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন করে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

বাউফল থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ৭টি ভ্রাম্যমাণ আদালত, পুলিশের ১২টি মোবাইল টিম, পুলিশের ২টি স্ট্রাইকিং পার্টি, সেনাবাহিনীর ২টি কন্টিনজেন্ট (মোট ৬০ সদস্য), বিজিবির ১টি কন্টিনজেন্ট (৩০ জন) এবং কোস্ট গার্ডের ১২ জন সদস্য টহল দেবেন।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্ট গার্ডের ১২ সদস্য শুধুমাত্র নদীবেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপে টহলে থাকবেন। র‌্যাবের টহল টিমও থাকবে।

উল্লেখ্য, বাউফল আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৭৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

বাউফল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।