ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে পৃথক দুই অগ্নিকাণ্ডে বসতঘর ও খড়ের গাদা পুড়ে ছাই

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর ও পাঁচটি খড়ের গাদা (কুটার কুল) পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং মাধবখালী ইউনিয়ন ও ২নং মির্জাগঞ্জ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মাধবখালী ইউনিয়নের শ্রীনগর এলাকায় খলিল আকন ও গাফফার আকনের যৌথ বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা দুই সহোদর একই ঘরে মাঝখানে পার্টিশন দিয়ে বসবাস করতেন। আগুনে তাদের সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাশের রুস্তম আকনের ঘরের টিনে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মির্জাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. ইব্রাহিম জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার ২নং ইউনিয়নের ভিকাখালী গ্রামের গাজী বাড়িতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মনির গাজী, কালাম গাজী ও মোত্তালেব গাজীর প্রায় পাঁচটি খড়ের গাদা পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, শিশুদের খেলার ছলে দেওয়া আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালুইগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত উভয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মলিহা খানম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। ইউএনও জানান, ‘তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জেলা প্রশাসনে পাঠানো হবে। পরবর্তীতে টিন বা অন্যান্য সহায়তা পাওয়া গেলে তা প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে।’