ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনগণের সম্পদ লুণ্ঠন-সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ্য করা হবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। চুরি, ডাকাতি এবং তেল সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থাকবেন এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গান, কবিতা ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতিদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাউফল গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আতিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বাউফল উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুলসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।