ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী বিভিন্ন সময়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন পিরোজপুর–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। একই দিনে পিরোজপুর–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সঙ্গে পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর-১ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীসহ মোট ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
পিরোজপুর-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যার মধ্যে ৭ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিরোজপুর-৩ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার তিনটি আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন