বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মাবাদ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জলিল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাভলু মল্লিক। এ সময় পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোরআন খতমের পর বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। পাড়েরহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫৯টি মসজিদে একসাথে আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।



