বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগামীকালকের পিরোজপুরের নির্বাচনি জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গত তিন দিন ধরে ৩৫ থেকে ৪০ জন লোক বিরামহীনভাবে কাজ করছে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজ করার জন্য। আয়োজকদের আশা পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সবমিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে এ জনসভায়।
আগামীকাল (০৬ ফেব্রুয়ারি) শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা হওয়ার কথা রয়েছে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আক্তার মিতুসহ ১১ দলিয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আগামীকাল আমাদের কেন্দ্রীয় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান শুভ আগমন করবেন। আমরা আসা করছি এই জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। প্রস্তুতি আমাদের চলছে, আজকে দিনের ভেতর সম্পন্ন হবে। আশা করি এই জনসভা সফল হবে এবং সার্থক হবে। পিরোজপুরবাসীর জন্য তিনি নতুন বার্তা নিয়ে আসবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইনশাআল্লাহ।

