পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণের জন্য কোস্টগার্ডের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। এ সময় প্রায় ১০ মন নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করা হয় এবং তিনজন জেলেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কঁচা নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড এফ বি মায়ের দোয়া ও এফ বি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে। ট্রলারে থাকা জেলে সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খান (২৫) গ্রেফতার হন।
ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত জাটকা পরে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মেদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন