ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ডাকাতি, সর্বশান্ত পরিবার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের পথরোধ করে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায় একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত প্রায় ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে পরিবারের পাঁচ সদস্য ঢাকার নবীনগর থেকে একটি যাত্রীবাহী গাড়িতে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন। ভোরে টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে তারা গাড়ি থেকে নামেন এবং পরিবারের অন্য সদস্যরা ইজিবাইক নিয়ে তাদের রিসিভ করেন। পরে গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশ্যে রওনা দিলে জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগে থেকে গাছের গুঁড়ি ফেলে রাখা দেখে তাদের ইজিবাইক থামাতে বাধ্য হয়।

এ সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে এবং গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সবকিছু ছিনিয়ে নেয়। ডাকাতরা পরিবারের সকল সদস্যকে সর্বশান্ত করে ফেলে।

ডাকাতির একপর্যায়ে পরিবারের এক সদস্য মুখ বাঁধা এক ডাকাতকে চিনতে চেষ্টা করলে তার মুখের কাপড় সরাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত হন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।