ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে এবং সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানান বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. আবদুস সালাম।
তিনি বলেন, রাত ৯টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ বলেন, রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চিত্রা নামে একটি ফেরি কাজিরহাট ঘাটের কাছাকাছি নোঙর করে রয়েছে।


