ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাংশায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পৌরসভার সর্দার বাসস্ট্যান্ড এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিনতলা বাড়ির একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করেন।

নিহত মৌসুমী আক্তার বৃষ্টি উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাসের মেয়ে। তিনি সৌদি আরব প্রবাসী মো. আশানুর রহমানের স্ত্রী। আশানুর রহমান যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এসব বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বৃষ্টি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।