ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:৫০ পিএম
আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে কামালদিয়া এলাকায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সজিব শেখ (২৩) নামের এক চালক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার কামালদিয়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব শেখ নাটোর জেলার বসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ভোর ৬টার কিছু আগে কামালদিয়া ব্রিজের কাছে বিকট শব্দ শুনতে পান তারা। পরে ব্রিজের নিচে গিয়ে দেখতে পান আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে রয়েছে। আলুর নিচে একজন চাপা পড়ে আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।