ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মায় বাসডুবি: এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৫১ এএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস থেকে রাত সাড়ে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ পুরুষ। 

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর তলদেশ থেকে বাসের সামনের অংশ তোলার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ বের করেছেন। বাসটির জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভিতরে প্রবেশ করতে পারেননি, তাই পুরো বাসটিই টেনে তোলা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

বাসের ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য সামগ্রী ভেসে উঠতে দেখা গেছে। উদ্ধার কাজে সহযোগিতার জন্য তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রীদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।