আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো নারী ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম কক্ষ এবং রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে পৃথকভাবে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করা এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ সমাজ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গণভোটের বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের চাবিকাঠি তরুণ প্রজন্মের হাতেই রয়েছে। জুলাই আন্দোলনে পরিবর্তনের দাবিতে যে সংগ্রাম হয়েছে, তার ধারাবাহিকতায় কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও আশপাশের মানুষের মধ্যেও গণভোট ও সংস্কার বিষয়ে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। তারা তাদের বক্তব্যে নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভ্রান্তিকর গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রচারণা অনুষ্ঠানে রাজশাহী মহিলা কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও সংস্কারের স্বার্থে প্রথম গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


