ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী-৫ আসনে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:০৭ পিএম
দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রে পরিবেশ শান্ত রয়েছে।

রাজশাহীর দুর্গাপুর থানার ওসি মো. দুরুল হুদা বলেন, ‘দুর্গাপুর নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’