রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় মহাসড়কে একটি পিকআপের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিকআপের চালকের পাশে থাকা হেলপার আব্দুল্লাহ (২৬) নিহত হন। তার পিতার নাম হুমায়ুন কবির। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সজিবুল ইসলাম।
তিনি বলেন, আমরা বেলা ২টার দিকে দুর্ঘটনার খবর পাই। সেখান থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ডিম বোঝাই পিকআপটি দ্রুত ও বেপরোয়া গতিতে নওগাঁ জেলার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন হেলপার হুমায়ূন। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লাশ বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ড্রাইভার পলাতক আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

