র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহীর সদর কোম্পানী একটি বিশেষ অপারেশন চালিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের (রেলমাঠ) উত্তর পাশে থাকা লেবুবাগানের ভিতর অভিযান পরিচালনা করে র্যাব। পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরবর্তীতে ঘটনাস্থলে এসে দুটি প্লাস্টিকের বস্তা পরীক্ষা করে ২১টি ককটেল সদৃশ্য বস্তু এবং একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ১টি কান্তাই (হাসুয়া) যার দৈর্ঘ্য ৭২ সে.মি.; ১টি বড় ছুরি, দৈর্ঘ্য ৬৫ সে.মি.; ১টি ছোট ছুরি, দৈর্ঘ্য ৩৮ সে.মি.; এবং ১টি চাকু, দৈর্ঘ্য ২৫ সে.মি. উদ্ধার করেন।
স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলে তারা ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। মঙ্গলবার সকালে র্যাবের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব সদস্যরা ধারণা করছেন, আসন্ন ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র সংগ্রহ করছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন