ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তানোরে অবৈধভাবে তেল মজুত, জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর তানোরে অবৈধভাবে তেল মজুত করে বাড়ির আঙিনায় বাড়তি দামে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খাঁন।

বুধবার (১ এপ্রিল) বিকেলের দিকে পৌর সদরের তালন্দ গ্রামে তেল মজুতকারী আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা ও তেল জব্দ করা হয়। হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়।

এ ছাড়াও চৌবাড়িয়া বাজারে ‘আরাফাত ট্রেডিং’ নামক তেলের দোকানে অভিযান চালিয়ে কোনো অনিয়ম না পাওয়ায় সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেন নির্বাহী অফিসার। নির্বাহী অফিসারের এমন সাঁড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি তুলেছেন।

জানা গেছে, তানোর পৌর সদরের তালন্দ বাজারে দীর্ঘদিন ধরে তেলের ব্যবসা করে আসছেন আমিনুল। তার বাড়ি তালন্দ গ্রামে। তিনি ইদ্রিস আলীর পুত্র। তেল সংকটের পর থেকে আমিনুল অবৈধভাবে তেল মজুত করে বাড়তি দামে বাড়ির আঙিনায় নিয়মিত বিক্রি করে আসছিলেন। এমনকি দোকান বন্ধ করে বাড়তি মুনাফার আশায় রাতের আঁধারে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করতেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। অভিযানে আমিনুলকে তার বাড়ির আঙিনায় তেল বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিনুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও পেট্রোল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

এদিকে চৌবাড়িয়া বাজারে ‘আরাফাত ট্রেডিং’ নামের তেলের দোকানে বিকেল ৩টার দিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। তবে কোনো অনিয়ম না পাওয়ায় ন্যায্য দামে তেল বিক্রির নির্দেশনা দেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খাঁন জানান, অবৈধভাবে তেল মজুদ ও বাড়তি দামে তেল বিক্রি করলে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।