রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের শীর্ষ কর্তারা রাজশাহীর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে আমাকে রাজশাহী মহানগরীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করব। প্রধানমন্ত্রী আমার মাধ্যমে রাজশাহীকে নতুন করে ঢেলে সাজাবেন। তিনি বলেছেন, রাজশাহী এমনিতেই সুন্দর, একে আরও নান্দনিকভাবে সাজাতে হবে।
তিনি রাজশাহীকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসন করে রাজশাহীকে একটি ‘ডিজিটাল সিকিউরড সিটি’ হিসেবে গড়ে তুলতে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। নিরাপদ নগরী গড়তে আরএমপির পক্ষ থেকে সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম বলেন, রাজশাহীর পদ্মা নদীকে ঘিরে ‘পদ্মা ড্রাইভওয়ে’ নির্মাণ ও নতুন আবাসন প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি দপ্তরগুলো সমন্বয় করে কাজ করলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।
সভায় উন্মুক্ত আলোচনায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তকরণ, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিরোইল এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করে নওদাপাড়া বাস টার্মিনাল কার্যকর করা এবং আরডিএ মার্কেটের উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসক এবং পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পাওয়ার পয়েন্টের মাধ্যমে নগরীর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন এবং রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ আরডিএ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন