রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত ১১টার দিকে রাওথা গ্রামে পদ্মা নদীর ধারে এ অভিযান চালায়।
বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
র্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্রটি সংগ্রহ করে নিয়ে আসছিল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
উদ্ধার করা ওয়ান শুটার গান ও গোলাবারুদ চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


