ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, টপসয়েল কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকেজো

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালাল উপজেলা প্রশাসন। শনিবার রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত চলা ওই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ জুন রাত ১১টা থেকে ৮ জুন রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্টও পরিচালনা করা যায়নি।

তবে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। পরিবহনের ব্যবস্থা না থাকায় যন্ত্রটি জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই পুনরায় ব্যবহার রোধে প্রশাসন সেটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তার নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়।