ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজস্থলীতে ১২টি ভোটকেন্দ্রে ভোটের প্রস্তুতি সম্পন্ন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৪৭ পিএম
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনের অন্তর্গত রাজস্থলী উপজেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নে চারটি, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নে চারটি এবং ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নে চারটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন মোট ১৩ প্রিসাইডিং অফিসার, ৪৮ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯৭ জন পোলিং অফিসার। ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইতোমধ্যে উপজেলার সব ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে সরেজমিন রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, নির্বাচনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাহাড়ি ও দুর্গম এলাকাতেও প্রচারের তৎপরতা চোখে পড়েছে।