ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাইয়ে স্টিল ব্রিজে ইটবোঝাই পিকআপের দুর্ঘটনা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৩৭ পিএম
ইটবোঝাই পিকআপ দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর এলাকায় একটি ইটবোঝাই পিকআপ দুর্ঘটনার কবলে পড়েছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলা থেকে কাপ্তাইগামী একটি ইটবোঝাই পিকআপ বালুরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ব্রিজের রেলিংয়ের কিছু অংশ ভেঙে পিকআপের বাম পাশে ঢুকে যায় এবং গাড়িটি ব্রিজের ওপর আটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই ব্রিজটির ওপর দিয়ে হোন্ডা ও সিএনজি ছাড়া অন্যান্য ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সময় পিকআপে ছিলেন চালক মো. নজরুল ইসলাম ও হেলপার আবু বক্কর। তাদের উভয়ের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ব্রিজটি তুলনামূলক সরু হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা বলেন, স্টিল ব্রিজটি বেশ পুরনো এবং সংকীর্ণ হওয়ায় বড় যানবাহন চলাচলের সময় ঝুঁকি তৈরি হয়। দ্রুত ব্রিজটি মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্রিজের রেলিং মেরামত এবং আটকে থাকা পিকআপ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো দীর্ঘমেয়াদি ভোগান্তি না হয়।