রংপুরের মিঠাপুকুরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আলিফ হাসান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটি পুকুরে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একটি মৎস্য খামারের পুকুর থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়। আলিফ কাফ্রিখাল ইউনিয়নের খোশালপুর গ্রামের মোজাহিদুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বাবার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় আলিফ। একপর্যায়ে তার বাবা বাড়িতে ফিরে এলেও আলিফ আর ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
এ সময় আলিফের খেলার দুই সাথীর তথ্যের ভিত্তিতে প্রথমে একটি পুকুরে তল্লাশি চালানো হয়। সেখানে প্রায় সাত ঘণ্টা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পাশের আরেকটি পুকুরে অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এতে দুইজন ডুবুরি অংশ নেন।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, দুপুরের দিকে খবর পেয়ে তারা অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে ভুল তথ্যের কারণে শিশুটিকে খুঁজে পেতে সময় লেগেছে। পরে অন্য পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে আলিফের পরিবারে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

