ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজিবির অভিযানে ১৪টি এয়ারগানসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৯ পিএম
এয়ারগানসহ বিপুল সরঞ্জাম উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রিভারাইন বিজিবির অধীনে কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও (নায়েব সুবেদার) মো. রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি চালানো হয় কৈখালী বিওপি থেকে ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়ে অবস্থিত একটি চিংড়ি ঘেরে।

অভিযান চলাকালে চিংড়ির ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি এয়ারগান, ২৫টি বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার ও ২২টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধার এসব সরঞ্জামের মূল্য ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট চোরাচালান চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল।