ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:২৪ পিএম
গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন এবং আরও তিন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইশার আলী ও তিন যাত্রী গরুবোঝাই ইঞ্জিনভ্যানে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে কুমিরার বালিগাদার মোড়ের কাছে ভ্যানের পেছনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ভ্যানটি খাদে পড়ে। এতে ইশার আলী ঘটনাস্থলেই নিহত হন এবং তিন যাত্রী গুরুতর আহত হন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল আলম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাইওয়ে থানা পুলিশকে সড়ক দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।